দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক চাপায় ভ্যান চালকসহ নারী যাত্রী নিহত হয়েছেন এবং ইয়াছমিন আক্তার (৪৫) নামে অপর এক নারী যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে উপজেলার আলাদীপুর ইউনিয়নের বলিহরপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিব শাহ।
নিহত ব্যক্তিরা হলেন, শিবনগর ইউনিয়নের রাজারামপুর এলাকার মৃত কফিল উদ্দিন সরকারের ছেলে পেশায় ভ্যান চালক আইনুল সরকার (৫৩) এবং আলাদীপুর ইউনিয়নের বারাইহাট এলাকার রফিকুল ইসলামের মেয়ে মোছা. রুমা খাতুন (২২), তিনি রাঙ্গামাটির প্রাণ বঙ্গমিলার্সের একজন শ্রমিক ছিলেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে বারাইহাট এলাকা থেকে ভ্যান যোগে দুই নারী শ্রমিক রাঙ্গামাটি প্রাণ কোম্পানিতে আসছিলেন। এসময় অপরদিক থেকে আসা (ঢাকা মেট্রো-ট ২০-৩১-৯৩) একটি ফিড বোঝাই ট্রাক দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের,আলাদীপুর ইউনিয়নের বলিহরপুর এলাকায় পৌছালে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যান চালক আইনুল সরকার ও ভ্যানে থাকা নারী যাত্রী রুমা খাতুন ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেন। এসময় অপর আরেক যাত্রী ইয়াছমিন আক্তার আহত হয়, তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এদিকে এ ঘটনার পর ট্রাকটির চালক ও সহযোগি পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি এবং ঘাতক ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিব শাহ বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে, পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক ও সহযোগি পালিয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।









