দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের চলাচল সীমিত রাখতে টহলরত পুলিশের ভয়ে দৌড়াতে গিয়ে হৃদযন্ত্র বন্ধ হয়ে সাইফুল ইসলাম (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
গত রোববার রাত ৮টায় পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। মৃত্য্বুরণ কারী দিনমজুর সাইফুল ইসলাম উত্তর কৃষ্ণপুর গ্রামের মৃত সাবেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায় সন্ধা সাড়ে ৭টার সময় উত্তর কৃষ্ণপুর কাউচালির মোড়ে বাজার নিতে আসে, দিনমজুর সাইফুল ইসলাম। এসময় মোড়ে জনসমাগম এড়াতে পুলিশ ধাওয়া করলে, ধাওয়া খেয়ে অন্যান্য মানুষের ন্যায় সাইফুল ইসলামও দৌড়ে গিয়ে একই এলাকার আমিনুল নামে একজনের বাড়ীতে পৌঁছালে সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়ে। এসময় তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হৃদযন্ত্র বন্ধ হয়ে সাইফুলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
সাইফুল ইসলামের স্ত্রী রেখা বেগম বলেন, মজুরীর টাকা নেয়ার জন্য সন্ধায় মোড়ে গিয়েছিল সাইফুল। রেখা বেগম আরো বলেন গত এক বছর থেকে সাইফুল হৃদরোগে ভুগছিল, পুলিশের ভয়ে দৌড়াতে গিয়ে তার হৃদযন্ত্র বন্ধ হয়ে সে মারা যায়।
এই বিষয়ে ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন সন্ধ্যার সময় সরকারী আদেশ অমান্য করে উত্তর কৃষ্ণপুর মোড়ে বাজার বসেছে এমন খবর পেয়ে, সেখানে এসআই বনমালীর নেতৃত্বে পুলিশ গিয়ে বাজারের লোকজনকে চলে যেতে বলে। সেখানে পুলিশ কাউকে ধাওয়া করেনি, তারা নিজেরায় দৌড় দিয়ে পালিয়ে যায়।
এদিকে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি সাইফুল ইসলামকে হারিয়ে নাবালক দুটি সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছে সাইফুল ইসলামের স্ত্রী রেখা বেগম । সাইফুল ইসলামের বাড়ীতে গিয়ে দেখা যায় সাইফুল ইসলামের স্ত্রী রেখা বেগম তার ১০ বছর বয়সী ছেলে রিবনুর মন্ডল ও ৮ বছর বয়সী মেয়ে সুরাইয়া খাতুনের আহাজারীতে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ।









