বগুড়ায় করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রথম নিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. জিয়াউল হক এবং পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা। রবিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে তার এই ভ্যাকসিন গ্রহণ করেন। এসময় বগুড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং হাসপাতালের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্যাকসিন গ্রহনের পর এক প্রতিক্রিয়ায় বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক জানান, টিকা দেয়ার পর কোন ধরনের অস্বস্তিকর অনুভুতি হয়নি। কোন প্রকার অস্বস্তি অনুভব করছি না ।
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা জানান, টিকা দেয়ার আগে এবং পরে ধরনের পার্থক্য নেই। স্বাভাবিক অনুভুতি পাচ্ছি। প্রত্যেককেই টিকা দেয়ার জন্য নিবন্ধন করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী জানান, টিকার তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তার পরেও কারো কোন সমস্যা দেখা দিলে তাকে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণত ১৮ বছরের নিচে যাদের বয়স এবং যারা গর্ভবতী মহিলা তাদের টিকা দেওয়া হচ্ছে না। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের সেগুলো নিয়ন্ত্রণে থাকলে টিকা নিতে কোন সমস্যা নেই।
স্বেচ্ছাসেবকরা জানান, টিকা নিতে আসা ব্যক্তিরা যাতে সুশৃঙ্খলভাবে সেবা নিতে পারেন আমরা সেজন্য কাজ করে যাচ্ছি। নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে সবাইকে সারিবদ্ধভাবে লাইন করে দেওয়া হয়েছে। সেই সাথে সকলের মাস্ক পরিধান নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, বগুড়ার ১২টি উপজেলার জন্য এ পর্যন্ত ১০ হাজার ৮শ ভায়েল করোনার টিকা এসেছে যা দিয়ে ১লাখ ৮ হাজার মানুষকে ভ্যাকসিন দেয়া যাবে। এ পর্যন্ত জেলায় ৬ হাজার ১শ ৬৬ জন অনলাইনে নিবন্ধন করেছেন বলে জানা গেছে।
Please follow and like us:









