বাংলাদেশে বিগত সময়ে ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে। তাই শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দুষ্কৃতিকারীরা যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরী না করতে পারে সেই লক্ষ্যে বিএনপি নেতা নেতাকর্মীকে সজাগ থাকতে দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী সদস্য কয়ছর এম আহমদ। মঙ্গবার বিকালে সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এই তথ্য জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, এদেশে সংখ্যা লঘু ও সংখ্যা গুরু বলতে কিছু নেই। সবার অধিকার সমান। বিএনপি অতীতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলো আগামীতেও থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্র গঠনের মাধ্যমে সকল সম্প্রদায়ের সমান অধিকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য।
কয়ছর আহমেদ বলেন, এদেশ যেমন মসজিদে আজান হয় তেমনে মন্দিরে পূজা হয়। এটি শত বছরের ধর্মীয় সম্প্রীতি। এটি আমাদের ধরে রাখতে হবে। আমাদের মধ্যে ধর্মের কোনো বিভাজন নেই। বাংলাদেশী হিসেবে একে অন্যের পরিপূরক।
এসময় তিনি উপজেলার ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, আনছার উদ্দিন,আব্দুল মুকিত, নূর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব রওশন খান সাগর, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা আব্দুস সোবহান প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।









