বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। জেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসায় এই বৃক্ষরোপণ করা হবে বলে জানা গেছে। সোমবার (১৪ জুলাই) বেলা ১২ ঘটিকায় বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু।
এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ খুবই জরুরী। ইদানিং লক্ষ্য করছি এলাকায় অনেক ফলজ গাছে ফল ধরছে না। বিশেষজ্ঞরা বলেছেন জলবায়ু পরিবর্তনের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। সৃষ্ট সমস্যা মোকাবেলায় বেশি বেশি করে বৃক্ষ রোপনে গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। সবুজ ধরণী তৈরিতে আমাদের এগিয়ে আসতে হবে। সে কারণেই লতিফ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃক্ষরোপনের আয়োজন করা হয়েছে।
সিপিএ রফিকুল ইসলাম জগলু আরো বলেন, লতিফ মাস্টার ফাউন্ডেশন এর পক্ষ থেকে বাগেরহাট জেলার চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে তিন হাজার ফলজ ও বনজ বৃক্ষ রোপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তারই অংশ হিসেবে সোমবার সকাল থেকে প্রত্যেকটি প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে বৃক্ষরোপন করা হচ্ছে। এই বৃক্ষ রক্ষণাবেক্ষণের জন্য প্রত্যেকটি বিদ্যালয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি রোপনকৃত বৃক্ষের পরিচর্যা করবেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা করছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম, সিপিএ রফিকুল ইসলাম জগলুর সহধর্মিনী বিশিষ্ট সমাজকর্মী জহূরা জান্নাত লাবনি, তার ছেলে রেহান জাহিন, তার ভাই মোহাম্মদ জাহিদুল ইসলাম, শিক্ষক মেফতাহ উদ্দিন, ছাত্রনেতা মোল্লা আতিকুর রহমান রাসেল, আল মামুন, ইমরান হোসেন সহ অনেকে।









