এবার বাবা-মায়ের স্বপ্নপূরণে হেলিকপ্টারে চড়ে বউ আনলেন প্রবাসী ছেলে। বুধবার দুপুর ২টায় আত্মীয়দের নিয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের শাহাপুর গ্রামে যান প্রবাসী ব্যবসায়ী মোঃ শাহ জালাল। তিনি সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের রসুলপুর গ্রামের প্রবাসী ফয়েজুর রহমানের ছেলে। ইসলামী শরিয়া মোতাবেক শাহাপুর গ্রামের বড় বাড়ির আবদুল মমিন ও আয়েশা আক্তারের মেয়ে মাইমুনা আক্তার রিয়াকে বিয়ে করেন তিনি। আনুষ্ঠানিকতা শেষে আবার নববধুকে সাথে করে হেলিকপ্টারে বাড়ি ফিরেন প্রবাসী মোঃ শাহ জালাল। আগে থেকেই খবর জানাজানি হওয়ায় হেলিকপ্টারে বরযাত্রা দেখতে এলাকায় শত শত উৎসুক নারী-পুরুষ ভীড় জমায়।
পরিবার সূত্রে জানা যায়, মোঃ শাহ জালাল সৌদিআরবের একজন প্রবাসী সফল ব্যবসায়ী। সৌদি আরবে তিনি এবং তার বাবার বড় একটি ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে। ছোটবেলা থেকেই তার বাবা-মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে করে ছেলের বউ বাড়ীতে আনবে। তাই বাবা-মায়ের স্বপ্নপূরণ করতেই তিনি হেলিকপ্টারে চড়ে বিয়ে করার উদ্যোগ নেন।
বর মোঃ শাহ জালাল বলেন, ২ ঘন্টার জন্য ঢাকা থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা দিয়ে একটি হেলিকপ্টার ভাড়া করা হয়। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে আমি খুব খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এভাবে ছেলেকে বিয়ে করাতে পেরে আনন্দিত বরের বাবা ফয়েজুর রহমান ও মা পারুল বেগম। তাঁরা সকলের কাছে দোয়া কামনা করেন।
পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু বলেন, বিষয়টি জেনেছি। তবে একটি রাজনৈতিক প্রোগ্রাম থাকায় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারি নি। নবদম্পতির জন্য মোবাইল ফোনে শুভেচ্ছা জানান তিনি।









