দিনাজপুরের বিরলে নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার” এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরলে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ স্কাউটস বিরল উপজেলার ৬ষ্ঠ উপজেলা স্কাউটস সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিরল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পিছন চত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম।
এবারের সমাবেশে উপজেলার মোট ২৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২৫২ জন চৌকস স্কাউট শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
সমাবেশকে কেন্দ্র করে শহীদ মিনার সংলগ্ন চত্বরে স্কাউটদের তৈরি দৃষ্টি নন্দন তাবু এবং তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো এলাকায় এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করেছে। শুভ উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: রেজাউল ইসলাম বলেন, তরুণ প্রজন্মকে সুনাগরিক ও মানবিক মূল্য বোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম। নতুন দিনের অঙ্গীকার রক্ষায় বিরল উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটস কার্যক্রম বাধ্যতামূলক ও সক্রিয়ভাবে পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা যেন মাদক, কিশোর অপরাধ ও মোবাইল আসক্তি থেকে দূরে থেকে দেশ প্রেমের ব্রত নিয়ে বড় হতে পারে, সেজন্য স্কাউটিংকে আরও বেগবান করতে হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিরলের স্কাউটস কার্যক্রমের সার্বিক উন্নয়নে এবং আগামী দিন গুলোতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার সুদৃঢ় আশ্বাস ব্যক্ত করছি।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্কাউট লিডার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আগামী দিন গুলোতে স্কাউটদের শারীরিক, মানসিক ও বুদ্ধিভিত্তিক বিকাশে বিভিন্ন প্রতিযোগিতা, ক্যাম্প ফায়ার ও দক্ষতা উন্নয়ন মূলক সেশন এই সমাবেশে অনুষ্ঠিত হবে।
Please follow and like us:









