দিনাজপুরের ফুলবাড়ীতে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন পাড়া, মহল্লার সড়কে এসব কুকুর কোন কারণ ছাড়াই সড়ক দিয়ে হেটে চলা পথচারীদের আক্রমন করে আহত করছে। গত তিন দিনে পৌর শহরসহ বেশ কিছু এলাকায় কুকুরের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এতে চরম আতঙ্কে রয়েছে এলাকাবাসী।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে রোববার(১লা অক্টোবর) পর্যন্ত পৌর এলাকার কাঁটাবাড়ী, গৌরীপাড়া, বারকোনা, কড়াইপাড়া গ্রামে কুকুর কামড়ানোর ঘটনা ঘটে।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারী থেকে জুলাই পর্যন্ত মোট ১ হজার ১৫০ জন কুকুর দ্বারা আক্রান্ত রোগী হাসপাতাল থেকে ভ্যাকসিন গ্রহণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ী পৌর শহরসহ আশ পাশের বিভিন্ন স্থানে কুকুরের কারনে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। মানুষ দেখলেই ঘেউ ঘেউ করে আক্রমন করে আহত করছে। বিশেষ করে স্কুল কলেজ গামী শিক্ষার্থীরা কুকুরের জন্য চরম আতঙ্ক নিয়ে রাস্তায় চলাচল করছে । গত কয়েক দিনে কুকুরের কামড়ে শিশুসহ বিভিন্ন বয়সের অন্তত ২৫ জন মানুষ আহত হয়েছেন।
বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বলেন, হঠাৎ ফুলবাড়ীতে বেওয়ারিশ কুকুর বেড়েছে । এসব কুকুর দলবেধে বিভিন্ন সড়কে পথচারীদের আক্রমণ করছে। এ বিষয়ে কর্তৃপক্ষের দ্রুত যথাযথ পদক্ষেপ নেয়া দরকার বলে মনে করেন তিনি।
কুকুরের আক্রামনের শিকার ইমরান হোসেন জানান, বুধবার রাতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ী ফিরছিলেন। হঠাৎ রাস্তায় তার দিকে একটি কুকুর তেড়ে এসে কোন কিছু বুঝে উঠার আগেই তাকে আক্রমণ করে।
এদিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারী থেকে জুলাই পর্যন্ত মোট ১ হজার ১৫০ জন কুকুর দ্বারা আক্রান্ত রোগী হাসপাতাল থেকে ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে জানুয়ারীতে ২০০, ফেব্রুয়ারীতে ২১০, মার্চে ১৮০, এপ্রিলে ৫০, মে ১৮০, জুন ১৩৮, জুলাই মাসে ১৯২ জন। এরমধ্যে আঁচর দ্বারা আক্রান্ত হয়েছে ৪৭০ জন এবং রক্ত প্রবাহযুক্ত ক্ষত স্থান আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯ জন। বর্তমানে র্যাবিস ভিসি ভ্যাকসিনের কোন মজুদ নেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মশিউর রহমান জানান, হাসপাতালে আসা কুকুর আক্রান্তদের ধরন বুঝে র্যাবিজ আইজি ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। তবে বর্তমানে হাসপাতালে র্যাবিস ভিসি ভ্যাক্সিনের কোন মজুদ নেই।
অপরদিকে কুকুরের উপদ্রব রোধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, কুকুর কামড়িয়ে আহত করার বিষয়টি আমরা জেনেছি। কিন্তু মহামান্য আদালতের নিষেধাজ্ঞার কারণে আমাদের কুকুর নিধনের কোনো নির্দেশনা নেই। তাই এ ব্যাপারে কিছু করতে পারছেনা পৌর কর্তৃপক্ষ।









