কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন বলেছেন, দক্ষতার অভাবে প্রবাসী ভাইয়েরা বিদেশ গিয়ে পদে পদে হয়রানির শিকার হয়ে থাকেন। তারা যেন হয়রানির শিকার না হয় সেদিকটা বিবেচনায় রাখতে হবে। কারণ তাদের উপার্জিত অর্থ দিয়ে বাংলাদেশের অর্থনীতি চাকা সচল থাকে। কুষ্টিয়ার ভেড়ামারায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনারে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জেলা প্রশাসক আসলাম হোসেন। ‘‘জেনে, বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’’ এ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আসলাম হোসেন আরও বলেন, মানব সম্পদকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে। এ জন্য প্রয়োজন প্রশিক্ষণ। আর প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলে সেদেশের মানুষও তাদের সম্মান করবে। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শামিমুল ইসলাম ছানা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি’র সহকারী পরিচালক মোশফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম, উপজেলা ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইন্দোনেশিয়া খাতুন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনসার আলী। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগীতায় উপজেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে।
Please follow and like us:









