তিলোত্তমা বাগচী (২২) নামে এক প্রভাষকের স্ত্রীর লাশ উদ্ধার করেছে মোড়েলগঞ্জ পুলিশ। আজ রাতের প্রথম প্রহরে মোরেলগঞ্জের সন্ন্যাসী বাজার সংলগ্ন ভাড়া বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। স্থানীয় এআর খান ডিগ্রী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক লিঙ্কন দাসের স্ত্রী তিলোত্তমা বাগচী।
মৃত তিলোত্তমা বাগচীর পিতা তাপস কুমার বাগচী জানান, গত আড়াই বছর পূর্বে লিঙ্কন দাসের সাথে বিয়ে হয় তিলোত্তমার। বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তি ছিল। লিঙ্কন দাস মোরেলগঞ্জের সন্ন্যাসী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো। মাঝে মাঝে ঘরের মধ্যেও বন্দি করে রাখতো তিলোত্তমাকে। এমনকি মোবাইল ফোনও ব্যবহার করতে দিতোনা। অকারণে মারপিট করতো। এসব নিয়ে পিতার কাছে অভিযোগ জানাতেন তিলোত্তমা। কিন্তু শেষ পর্যন্ত স্বামীর অত্যাচার থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলো সন্তানহীন তিলোত্তমা।
মোড়েলগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানা গেছে , আত্মহত্যার পূর্বে তিলোত্তমা একটি চিরকুট লিখে রেখে গেছেন। সেটি গণমাধ্যম কর্মীদেরকে আপাতত দেখানো যাবেনা। গৃহিনী তিলোত্তমার আত্মহত্যার বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি নিয়ে নানা ধরণের গুঞ্জণ রয়েছে। লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।









