রাজশাহী নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ১০ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে আরএমপি বিশেষ মাদকবিরোধী টিম, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বিভিন্ন থানা পুলিশ। অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ছাড়া অভিযানের সময় আরও দুজন পালিয়ে যান।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মতিহার থানা পুলিশের সহায়তায় ধরমপুর নদীর ধার এলাকায় অভিযান চালিয়ে মৃত আলী হোসেনের ছেলে মীর চাঁদ আলীকে (২৬) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। একই অভিযানে মৃত ইছাহাক আলীর ছেলে মোঃ হাবিবের (৩০) ফেলে যাওয়া ৩৮০ গ্রাম গাঁজা ও ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন রাত ৯টার দিকে কাটাখালী থানার শ্যামপুর নগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজা ও ১ হাজার ১৫০ টাকাসহ মোসা. মেহেরুন নেছাকে (৬০) গ্রেফতার করা হয়।
রাত সোয়া ১টার দিকে রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাকির মোড় এলাকায় অভিযান চালিয়ে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. সদর আলীর ছেলে মো. রাজিব রহমানকে (৩১) গ্রেফতার করে মহানগর ডিবি পুলিশ। এ সময় বদরুল ইসলামের ছেলে বাছিরুল (৩৪) পালিয়ে যান।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে দামকুড়া থানা পুলিশ স্থানীয় জনসাধারণের সহায়তায় জোতরাবন এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা ও ৫১০ টাকাসহ মোসা. শিল্পি বেগমকে (৩৫) গ্রেফতার করে।
এদিকে, সোমবার (১৯ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় হড়গ্রাম চারখুটার মোড় এলাকায় পৃথক অভিযানে ১০পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৩৪৯ টাকা সহ চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলো: গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে মোঃ রাজা (৪২), হড়গ্রাম চারখুটার মোড় গ্রামের মৃত হাসানুজ্জামান সুজনের ছেলে মোঃ জুবায়ের (৩৮), মোল্লাপাড়া গ্রামের নুর আলমের ছেলে মোঃ সেলিম (৪০) এবং রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া গ্রামের মৃত মোস্তাক খান তুষারের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩২)। গ্রেফতারকৃতদের ব বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।








