রামপালে শুরু হয়েছে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রামপাল উপজেলার বড়দিয়া হাজী আরিফ (রা.) মাদ্রাসা মাঠে চক্ষু শিবিরের উদ্বোধন করেন ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি ও সেফ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ইজারাদার মহসিন হোসেন, মাসুদুর রহমান পিয়াল, আতোয়ার রহমান টুটুল, মোল্যা মোস্তাফিজুর রহমান, মোখলেছুর রহমান, কাজী জাহিদুল রহমানসহ স্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গ।
লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের ব্যবস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত চক্ষু শিবিরে ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের অভিজ্ঞ ডাক্তারগণ। মোংলা ও রামপালসহ আশপাশ উপজেলার কয়েক হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়। সেখানে নারী ও শিশুদের ৪টি এবং পুরুষদের ৪টি বুথে রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়।
এ চক্ষু শিবিরে সহস্রধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
এছাড়া ৫’শতাধিক রোগীকে নেত্রনালী ও ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এদের ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশনের ব্যবস্থা করা হবে।
লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, রামপাল ও মোংলাসহ পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন সময় আমরা চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করেছি। এ অঞ্চলে প্রায় অর্ধলক্ষ চোখের রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়েছে।
এছাড়া ৫ হাজার রোগীর চোখের নেত্রনালী ও ছানি অপারেশনের মাধ্যমে অন্ধত্বের থেকে মুক্তি পেয়েছে।









