গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারোতোপা বাজারে গ্রামীণ ব্যাংক শাখায় এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। ব্যাংকের সাইনবোর্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
গ্রামীণ ব্যাংক বারতোপা বাজার শাখার ব্যবস্থাপক রেহেনা বেগম জানান, ব্যাংকের বেশির ভাগ কমকর্তা-কর্মচারী ব্যাংকেই রাত যাপন করেন। রাত আনুমানিক ২টার দিকে সাত-আটজন যুবক অতর্কিতভাবে এসে পরপর তিনটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়। একটি পেট্রলবোমা সীমানা প্রাচীরের ভেতর ও দুটি বোমা সীমানা ঘেঁষে বিস্ফোরিত হয়। এতে ব্যাংকের সাইনবোর্ড ও জানালায় আঘাত করে ভেতরে চলে আসে। সাইনবোর্ড ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। আমাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অফিসের কেউ আহত হননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, যেকোনো পরিবহন যোগে এসে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকে তিনটি পেট্রলবোমা মারে। দুটি বাইরে, একটি ভেতরে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যেমনটি তারা করতে চেয়েছিল। এ বিষয়ে তদন্ত চলছে।










