গাজীপুরের শ্রীপুরে ফুটপাতে ঘুমানো গিয়ে বাগ্বিতন্ডার জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক আটকের তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জুয়েল রানা (২৫) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বাসিন্দা। আটকৃতরা হলেন, রাকিব (২৪) ও রবিন (২৬)।
স্থানীয়রা জানান, রাতে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে ভাসমান চায়ের দোকানের পাশে ঘুমাতে যান তারা, এ সময় ব্যানার বিছানো নিয়ে জুয়েলের সাথে তাদের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রাকিব উত্তেজিত হয়ে জুয়েলের বুকে বাম পাশে ধারালো ছুরি দিয়ে উপর্যুপুরি আঘাত করেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তা একটি হাসপাতালে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, জুয়েল নামের এক যুবকে রাতে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। ধারনা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তার মৃত্যু ঘটতে পারে।
ওসি জানান, খবর পেয়ে মাওনা চৌরাস্তা এলাকায় টহলরত পুলিশ অভিযান চালিয়ে ঘটনার তিন ঘণ্টার মধ্যে দুজনকে আটক করেছে। আটককৃত দুজনের নামে থানায় চুরির মামলা রয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা চলমান রয়েছে।









