গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে একটি বিদ্যালয়ের ত্রিশটি বৈদ্যুতিক পাখা, টেলিভিশন, বাতি, ল্যাপটপ, ইন্টারনেট রাউডার ও সিসি ক্যামেরা ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বজ্রপাতে শ্রীপুর পৌর শহরে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণী কক্ষে থাকা বৈদ্যুতিক পাখা, লাইট, অফিসে থাকা ইন্টারনেট রাউডার, ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জামাদি ক্ষতিগ্রস্থ হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১২টায় বিকট শব্দে স্কুলের পাশের একটি জলপাই গাছে বজ্রপাত হয়। এসময় গাছটিতে আগুন ধরে যায়। বজ্রপাতে শ্রেণীকক্ষে থাকা শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। পরে বিদ্যালয়ের দক্ষিণ পাশে অডিটোরিয়াম ভবন, পশ্চিম পাশের দোতলা ভোকেশনাল ভবনের ৩০টি বৈদ্যুতিক ফ্যান ও বাতি, একটি টেলিভিশন, চারটি সিসি ক্যামেরা, একটি ল্যাপটপ ও একটি ইন্টারনেট রাউডার ক্ষতিগ্রস্থ হয়। এতে তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জহিরুল হক মন্ডল বাচ্চু জানান, কিছু ক্ষয়ক্ষতি হলেও ছাত্রী-শিক্ষকদের কোন ক্ষতি হয়নি তাতেই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে জানিয়েছেন। শ্রেণীকক্ষে ফ্যানসহ অন্যান্য জিনিসপত্র দ্রুতই মেরামতের ব্যবস্থা করা হবে।








