সিরাজগঞ্জ জেলার প্রথিতযশা সাংবাদিক, দ্য ডেইলি স্কাই পত্রিকার সম্পাদক ও রায়গঞ্জের কৃতিসন্তান গোলাম মোস্তফা জীবনের শ্রদ্ধেয় পিতা বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন সরকার আর নেই।
আজ সোমবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
ময়েজ উদ্দিন সরকার একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা ছিলেন। ১৯৭১ সালে মাতৃভূমির মুক্তির জন্য অস্ত্র হাতে নিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে গেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহযোদ্ধা, সাংবাদিক সমাজ ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ বাদ আছর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাকাই গ্রামের কবরস্থান প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
এই বীরের বিদায়ে শোকাহত দ্য ডেইলি স্কাই সম্পাদক গোলাম মোস্তফা জীবন বলেন, আমার বাবা শুধু একজন মুক্তিযোদ্ধাই নন, একজন আদর্শিক মানুষ ছিলেন। তিনি সবসময় ন্যায়, সত্য ও দেশপ্রেমের কথা বলতেন। আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় অভিভাবককে হারালাম।
তাঁর আত্মার মাগফিরাত কামনা করে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রায়গঞ্জ উপজেলা প্রশাসন এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের জানাজায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।









