রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সহ-সভাপতি, পূর্ব-পশ্চিম বিডি ও সিপ্লাস টিভির কক্সবাজার প্রতিনিধি সাইফুল আলম বাদশার উপর নৌকার প্রার্থী এডভোকেট আব্দুল খালেক কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন সমাবেশ করেছেন কক্সবাজারের সাংবাদিকরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বের) সকালে কক্সবাজার প্রেসক্লাব চত্বরে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি ও দৈনিক আপনকণ্ঠের নির্বাহী সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্ব এবং রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সাধারণ সম্পাদক ও দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার আজিম নিহাদের সঞ্চালনায় এ প্রতিবাদ ও মানবন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (১১ ডিসেম্বের) রাত সাড়ে ৯টার দিকে মহেশখালীর শাপলাপুরে ইউপি নির্বাচনে পর্যবেক্ষণে যাওয়া সাইফুল আলম বাদশা ও বেসরকারি টেলিভিশন যমুনা ও এশিয়ান টিভির দুইজন সংবাদকর্মীকে ব্যাপক মারধর এবং গাড়ি ভাঙচুর করে ক্যামেরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিচিত নদী দখলদার ও বিএনপি থেকে অনুপ্রবেশকারী আওয়ামী লীগ দলীয় প্রার্থী এডভোকেট আবদুল খালেকের লালিত সন্ত্রাসী বাহিনী কর্তৃক সাংবাদিকের উপর হামলা চালায় বলে এ অভিযোগ। রাতের আঁধারে সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে সাইফুল আলম বাদশাসহ অন্যান্য সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। একইসঙ্গে মুক্ত সাংবাদিকতার পরিবেশ বজায় রাখারও দাবী জানান।
উল্লেখ্য, মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের নির্বাচনে ভোট কারচুপির ব্যাপক গুজবের কারণে কক্সবাজার শহর থেকে দ্বীপে বহুসংখ্যক সংবাদকর্মী সংবাদ সংগ্রহে যান। সংবাদকর্মীরা দ্বীপে যাবার খবর পেয়ে এডভোকেট আব্দুল খালেকের সমর্থকরা ক্ষুব্ধ হয়ে উঠেন। সংবাদকর্মীরা রাতে দ্বীপের উক্ত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুইন্যাছড়া ও দিনাজপুর নামক গ্রামে গেলে ‘নৌকা’ প্রতীকের প্রার্থীর সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার এর নেতা ও কক্সবাজার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, সিপ্লাস টিভির বিশেষ প্রতিনিধি এহসান আল কুতুবী, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক ও বার্তা ২৪ এর কক্সবাজার প্রতিনিধি মুহিব্বুল্লাহ মুহিব, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের অর্থ সম্পাদক এবং জয়যাত্রা টেলিভিশন এর কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ ফরিদ, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার নেতা এবং দৈনিক আপন কন্ঠের পরিচালনা সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, রিপোর্টার ইউনিটি কক্সবাজারের সদস্য এবং দৈনিক সকালের কক্সবাজার এর স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসেন, দৈনিক সকালের কক্সবাজার এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ হোসাইন, দৈনিক আমাদের কন্ঠ এর স্টাফ রিপোর্টার আবু সাদাত আহমদ নূহ, রিপোর্টার্স ইউনিটির নেতা এবং দৈনিক আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির দপ্তর ও প্রচার সম্পাদক এবং দৈনিক হিমছড়ির স্টাফ রিপোর্টার তারেকুর রহমান এবং আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার কক্সবাজার প্রতিনিধি আশরাফুল হাসান রিশাদ প্রমুখ।









