সিরাজগঞ্জের তাড়াশে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিডব্লিউবি (ভিজিডি) সরকারি চাল কেনাবেচার অনিয়মের সংবাদ সংগ্রহের সময় ভিডিও ধারণ করায় দীপ্ত টেলিভিশন ও খবরের কাগজের সাংবাদিক সিরাজুল ইসলাম শিশিরকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত ভোররাতে তাড়াশ উপজেলার দোবিলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, গ্রেফতারকৃতরা হলেন দোবিলা গ্রামের মৃত খোকার ছেলে সাহেদ আলী, তার দুই ছেলে আরিফুল ও আশিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত অভিযানে নেমে তাদের নিজ বাড়ি থেকেই গ্রেফতার করে।
লাঞ্ছিত সাংবাদিক সিরাজুল ইসলাম শিশির, যিনি দীপ্ত টিভি, খবরের কাগজ, দ্য এশিয়ান এইজের জেলা প্রতিনিধি ও দি ডেইলি স্কাইয়ের নির্বাহী সম্পাদক, বলেন, চাল সিন্ডিকেটের মূল আসামিরা গ্রেফতার হলেও এখনো পুরোপুরি স্বস্তি পাচ্ছি না। বিভিন্ন মহল মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি দিচ্ছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদানকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।
মামলার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ ৩০ কেজি ভিজিডি চাল উপকারভোগীদের কাছ থেকে কম দামে কিনছিলেন সাহেদ আলী। এ দৃশ্য ক্যামেরাবন্দি করতে গেলে সাহেদ ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরবর্তীতে তার ছেলে আরিফ, আশিক এবং আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে শিশিরের ওপর হামলা চালায়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকাবাসী তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং পরে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদিকে হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরাম দোষীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে মানববন্ধনসহ কর্মসূচির ঘোষণা দেয়। পাশাপাশি সিরাজগঞ্জ প্রেসক্লাব, তাড়াশ প্রেসক্লাবসহ জেলার পেশাদার সাংবাদিকরা এ ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।










