সিরাজগঞ্জ পৌর শহরের ১৩ ও ১৫ নম্বর ওয়ার্ডের চর রায়পুর ও মিরপুর গ্রামের অন্তর্গত নবনামকরণকৃত ইকবালপুর গ্রামের নাম ফলকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ মিরপুর ওয়াপদাবাঁধ সংলগ্ন ইকবালপুর গ্রামের প্রবেশমুখে আনুষ্ঠানিকভাবে এ নাম ফলক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এলেমা বেগম। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় সিরাজগঞ্জসহ আশপাশের বহু এলাকা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হলে সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ ইকবাল হাসান মাহমুদ টুকু নদীভাঙন কবলিত মানুষের পুনর্বাসনের উদ্যোগ নেন। তখন তিনি এ এলাকায় বহু পরিবারকে আশ্রয় দেন। কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গ্রামের নাম রাখা হয় “ইকবালপুর”।
নাম ফলক উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে মুন্সী জাহেদ আলম বলেন, এই গ্রামের নামকরণ হয়েছে আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর নামে। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন ইকবালপুরের মানুষের পাশে থাকার জন্য। ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এই গ্রামকে একটি মডেল গ্রামে রূপান্তরিত করা হবে। উন্নত রাস্তাঘাট, শিক্ষা ও সামাজিক অবকাঠামো নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত থেকে নাম ফলক উন্মোচনের মাধ্যমে এ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।










