পবিত্র মাহে রমজানে পান্তা ভাত, কাঁচা মরিচ আর চালভাজা দিয়ে ইফতার করা অসহায় সাইদুল-আনোয়ারা দম্পতির মানবেতর জীবনযাপনের সংবাদ প্রকাশের পর অবশেষে পাশে দাঁড়িয়েছেন
সিরাজগঞ্জ-১ আসন (কাজিপুর ও সদরের একাংশ) এর নবনির্বাচিত এমপি সেলিম রেজা।
সদর উপজেলার ১ নম্বর রতনকান্দি ইউনিয়নের হরিনাম গ্রামের জরাজীর্ণ ঘরে বসবাসকারী মো. সাইদুল শেখ ও তার স্ত্রী আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছিলেন। অসুস্থতার কারণে সাইদুল শেখ কর্মক্ষমতা হারালে সংসারের একমাত্র উপার্জনকারী হয়ে ওঠেন আনোয়ারা বেগম। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে মাসে মাত্র তিন হাজার টাকায় চলছিল তাদের অর্ধাহার-অনাহারের জীবন। রমজানে যেখানে অন্যদের ঘরে ইফতারের নানা আয়োজন, সেখানে তাদের সেহরি-ইফতার সীমাবদ্ধ ছিল পান্তা, চালভাজা ও পানিতে।
সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে মো. সেলিম রেজার। তিনি সিরাজগঞ্জ-১ আসন (কাজিপুর ও সদরের একাংশ) থেকে বিএনপি দলীয় নবনির্বাচিত সংসদ সদস্য। তার নির্দেশনায় প্রতিনিধি হিসেবে রোবাবার (১ মার্চ) বিকালে এগিয়ে আসেন ভয়েস অব কাজিপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি আশকারুল হক পাইন।
তারা সাইদুল-আনোয়ারা দম্পতির হাতে এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেন। এতে ছিল মুরগি, গরুর মাংস, কাঁচাবাজার, চাল-ডালসহ প্রয়োজনীয় নিত্যপণ্য। একই সঙ্গে আরও তিনটি অসহায় পরিবারকেও সহায়তা প্রদান করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট কালাম আজাদ পরিবারটির দুরবস্থার কথা শুনে ভবিষ্যতেও নিয়মিত সহায়তার অর্থায়নের ঘোষণা দেন। পাশাপাশি দম্পতিকে সরকারি সব ধরনের সুযোগ-সুবিধার আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। তাদের জন্য ফ্যামিলি কার্ড প্রদানের প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, ইউনিয়নের একেবারে শেষ প্রান্তে হওয়ায় দীর্ঘদিন ধরেই সরকারি সহায়তা থেকে বঞ্চিত ছিলেন এই দম্পতি। সংবাদ প্রকাশের পর দ্রুত সহযোগিতা পৌঁছানোয় স্বস্তি ফিরেছে তাদের জীবনে।
অসহায় সাইদুল শেখ বলেন, কেউ আমাদের খবর নেয় নাই। এখন অনেকেই পাশে দাঁড়াইছে। আল্লাহ যেন তাদের ভালো রাখে। আনোয়ারা বেগমও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রমজানে অন্তত ভালো কিছু খাইতে পারতেছি। আল্লাহ সবাইরে ভালা করুক।









