সিরাজগঞ্জ পৌর বিএনপির ১৫টি ওয়ার্ডের নবগঠিত কমিটির সুপার ফাইভ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের ক্রসবার-৩ জারা ফাস্টফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শহর বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান এবং সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে-এতে কোনো সন্দেহ নেই। এজন্য তারেক রহমানের প্রতিটি নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। সিরাজগঞ্জ সদর আসনে সিংহপুরুষ ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিপুল ভোটে বিজয়ী করে মন্ত্রী বানাতে হবে, যাতে জেলার উন্নয়ন কর্মকাণ্ডের ধারা অব্যাহত থাকে।
তিনি আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ধানের শীষে ভোট চেয়ে প্রতিটি পাড়া-মহল্লায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঠে নামতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেই বিএনপি পুনরায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে।
সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শহর ও জেলা বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ১৫টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









