সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকশা বাজার এলাকায় ‘সুখের আলো মহিলা কল্যাণ সংস্থার’ উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গঠন এবং হস্তশিল্পের প্রসারে ডিজিটাল মার্কেটিং প্রযুক্তিনির্ভর একটি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় কামারখন্দ উপজেলার পাইকশা বাজারে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনামিকা নজরুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নারীর আর্থ-সামাজিক ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তথ্যপ্রযুক্তি জ্ঞান শুধু দক্ষতা বাড়ায় না, বরং আত্মনির্ভরশীলতাও নিশ্চিত করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম। তিনি বলেন, বর্তমানে তরুণ-তরুণীরা প্রযুক্তিগত জ্ঞান ও উদ্ভাবনী শক্তি দিয়ে নিজ উদ্যোগে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছে। এই প্রকল্প তাদের সামনে নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানটি সুখের আলো মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক কামরুন নাহারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন, ২নং ঝাঐল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষক মোঃ রুবেল সরকার। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর পরিধি বাড়ানোর দাবি জানান।
প্রকল্পটি বাস্তবায়নে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
উল্লেখ্য, এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় নারীরা কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি হস্তশিল্পে ডিজিটাল বিপণন কৌশল শিখে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।








