সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দারাম হাওরে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ শামসুদ্দিন ও শিশু নুসরাতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার সকাল ১১ ঘটিকায় বৃদ্ধ শামসুদ্দিনের লাশ ও বিকেল ৫ ঘটিকায় ৭ বছরের শিশু নুসরাতের লাশ হাওরে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ ও ফায়ারসার্ভিসের ডুবুরি দল।
মৃত শামসুদ্দিন( ৬০), তিনি ধর্মপাশা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা ও শিশু নুসরাত বেগম (৭), কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
গত শনিবার সকালে ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া এলাকা থেকে নববধূ দেখতে একটি যাত্রীবাহী নৌকা মহেষপুর যাওয়ার পথে ধারাম হাওরে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে নৌকায় থাকা সাতজনের মধ্যে পাঁচজনকে পুলিশ ও ফায়ারসার্ভিসের ডুবুরি দল স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করা হলেও নিখোঁজ হন শামসুদ্দিন ও শিশু নুসরাত।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, সকাল ১১ ঘটিকায় নিখোঁজ শামসুদ্দিন ও বিকেল ৫ ঘটিকার সময় ৭ বছরের শিশু মেয়ে নুসরাতের লাশ হাওর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন বলে জানান।









