জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের বিয়েতে মোবাইল চুরি নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে সৌম্যর বড় ভাইসহ বেশ কয়েকজন আহত হন।
বুধবার রাতে খুলনা ক্লাবে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
সৌম্য সরকারের মামা স্বদেশ কুমার সরকার বলেন, প্রচণ্ড ভিড়ে গেট দিয়ে ঢোকার সময় দ্বীনবন্ধু মিত্র নামে এক বরযাত্রীর মোবাইল চুরি হয়। এরপর সৌম্যর বাবা, বন্ধু অলিসহ স্বজনদের সাতটি মোবাইল চুরি হয়। চোরদের হাতে নাতে ধরে ফেললে খুলনা ক্লাবের কর্মচারীরা আমাদের ওপর হামলা চালান।
সৌমের বড় ভাই আহত প্রণব কুমার সরকার জানান, চুরি হওয়ার পর মোবাইল নম্বরে কল দেয়া হয়। এ সময় একজনের কাছে মোবাইল বেজে ওঠে। তাকে আটক করে তল্লাশি চালিয়ে পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল বলেন, মোবাইল চুরিকে কেন্দ্র করে খুলনা ক্লাবের স্টাফ ও বরযাত্রীর লোকদের সঙ্গে ঝগড়া হয়েছে। সেখানে কাউকে মারধরের ঘটনা ঘটেনি। তবে ভিড়ের মধ্যে কারো গায়ে একটু ধাক্কা লাগতে পারে। দুই মোবাইল চোর থানায় আটক রয়েছেন। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এছাড়া খুলনা ক্লাবে পুলিশ মোতায়েন করা হয়েছে।









