কুমিল্লার হোমনায় তদন্তের নামে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধাকে থানার ছাদে নিয়ে জিজ্ঞাসাবাদের অভিযোগ উঠেছে হোমনা থানার উপ পুলিশ পরিদর্শক এসআই তাপস কুমার সরকারের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভিডিওকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার শ্রীমদ্দি গ্রামের মৃত শহিদ উল্লাহর স্ত্রী শামসুলের নেছা (৭৮) পারিবারিক বিরোধ সংক্রান্ত বিষয়ে মারামারির ঘটনা উল্লেখ করে শনিবার (২ মে) তারিখ হোমনা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মামলার তদন্ত কর্মকর্তা তাপস কুমার সরকার বৃদ্ধাকে থানার ছাদে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে বৃদ্ধাকে অসহায় অবস্থায় দেখা যায়। সেখানে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার হাতে সিগারেট নিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে বলতে শোনা যায়, মামলা করে কী করবেন, আপনিই তো ঘটনাটি বাড়িয়েছেন। সামাজিকভাবে মিটমাট করে ফেলেন। এমন বক্তব্য জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী বৃদ্ধার অভিযোগ তাকে থানার ছাদে ডেকে নিয়ে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করা হয় এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। এমনকি এক পর্যায়ে তাকে একটি রাজনৈতিক দলের ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত বলেও তিনি মন্তব্য করেন। এ দিকে এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে অভিযুক্ত এসআই তাপস কুমার সরকারের সঙ্গে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া জানান, বিষয়টি উর্ধত্মন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:









