সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটন অসুস্থ হয়ে শহরের মালশাপাড়া এলাকার নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাসভবনে যান সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. আব্দুস সাত্তার।
এ সময় তিনি জাহিদুল ইসলাম লিটনের শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রাখার পরামর্শ দেন। পাশাপাশি তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
হাজী মো. আব্দুস সাত্তার বলেন, মানুষ মানুষের জন্য। একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধ থেকেই আমি লিটন ভাইয়ের খোঁজ নিতে এসেছি। আমি মহান আল্লাহর কাছে তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। চিকিৎসার প্রয়োজন হলে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, জেলা যুবদলের সহ-সভাপতি ইকরামুল হাসান ইমেজ, সহ-সাধারণ সম্পাদক কাইয়ুম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরাফাত হিরো, যুগ্ম আহ্বায়ক হান্নান বাবু, জেলা যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক রোকন উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হাজী আব্দুস সাত্তারের এই মানবিক উদ্যোগে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়ানোর যে দৃষ্টান্ত তিনি দীর্ঘদিন ধরে রেখে চলেছেন, অসুস্থ শ্রমিক নেতা জাহিদুল ইসলাম লিটনের খোঁজ নিতে আসাও সেই মানবিক দায়িত্ববোধেরই আরেকটি উজ্জ্বল উদাহরণ।









