আগৈলঝাড়া প্রতিনিধিঃবরিশালের আগৈলঝাড়ায় ধর্মিয় ভাবগাম্ভির্য ও যথাযোগ্য মর্যাদায় শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলেরামানন্দেরআঁক ইসকন মন্দির থেকে হাজারো ভক্ত উপজেলা সদরের ইসকন জগন্নাথ মন্দির পর্যন্ত দীর্ঘ পথ রথ টেনে নিয়ে আসেন। সন্ধ্যায় পুনরায় তারা ইসকন মন্দির প্রাঙ্গনে রথ টেনে নিয়ে যান। উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী থেকে সনাতন ধর্মালম্বী নারী, পুরুষ জগন্নাথ দেবের প্রতিকৃতসহ পুণ্যের আশায় রথ টেনে শ্রী শ্রী বিষ্ণু মন্দির প্রাঙ্গণে নিয়ে যান। গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সামনে থেকে রথখোলা মন্দির পর্যন্ত রথ টেনে নিয়ে আসেন শত শত ভক্তবৃন্দ। এছাড়াও রথবাড়ি, পঞ্চপল্লী গোবিন্দ মন্দিরেও উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে। গৈলা রথযাত্রায় উপস্থিত ছিলেন, গৈলা কীর্ত্তন ও পূজা উদযাপন কমিটির উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান দুলাল দাশ গুপ্ত, গৈলা কীর্ত্তন ও পূজা উদযাপন কমিটির সভাপতি সুসান্ত কর্মকার, সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, সন্তোষ কর্মকার, মহিৎ লাল মন্টু, সুনীল কুমার দাশ, মহাদেব শীল, বাপ্পি কর্মকার প্রমুখ।









