গাজীপুরের শ্রীপুরে পরিবহন সংকটে কর্মস্থলে যেতে শ্রমিকদের ভোগান্তি ও ভাড়া বেশি নেয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিল্প কারখানার শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারী অন্যান্য শ্রমিক ও সাধারণ যাত্রীরা।
সোমবার (২আগষ্ট) সকালে শ্রীপুর পৌর এলাকায় ২নং সিএন্ডবি বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন। এতে মহাসড়কের দুই পাশে ২কিলোমিটারেরও বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় এসকিউ সেলসিয়াস কারখানার শ্রমিক আব্দুর রহমান। তিনি জানান, গড়গড়িয়া মাষ্টারবাড়ী থেকে কারখানা পর্যন্ত দুরত্ব পথের অটোরিক্সা ভাড়া মাত্র ২০টাকা। আজ সেই ভাড়া ৫০দিয়ে গাড়ি পাওয়া যাচ্ছে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে স্বল্প ভাড়ায় অটোরিক্সা না পেয়ে হেঁটেই কারখানার উদ্দেশ্যে রওনা হয়েছি। এসে দেখি অনেকেরই একই অবস্থা। তাই সকলে পরিবহন ভোগান্তি কমানো ও ভাড়া কমানোর দাবিতে একত্রিত হয়েছি।
অপর কারখানা শ্রমিক রহিমা আক্তার জানান, তার বাসা কারখানা থেকে ৮কিলোমিটার দুরে। স্বাভাবিক সময়ে লোকাল বাস ভাড়া ১০ থেকে ১৫টাকা ছিল, আজ পরিবহন না পেয়ে অটোরিক্সায় যাওয়ার পরিকল্পনা করি। অটো চালক এই ১০ টাকা বাস ভাড়া ১২০টাকা চাইলেন, পরে অনেকসময় অপেক্ষা করেও কোন যান না পেয়ে বাধ্য হয়েই ৮০টাকা ভাড়ায় কাজে যোগ দিয়েছেন। সিএনজি ও অটোরিক্সা গলা কাটা ভাড়া আদায় করছে। কোন কোন ক্ষেত্রে ভাড়া তিন থেকে চারগুণ বৃদ্ধি করা হয়েছে। যারা মহাসড়কে এ ভাড়া নিয়ন্ত্রণ করে তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, শ্রমিকদের সাথে আলোচনা করে ভাড়া বেশি না নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।









