কুমিল্লার চৌদ্দগ্রাম পিডিবি অফিসের কর্মকর্তা সদা হাস্যোজ্জ্বল মোঃ ইউসুফ মজুমদার(৪৬) করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। খবর পেয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন কুমিল্লা ইউনিটের সদস্যরা চৌদ্দগ্রাম থানা প্রশাসনের সহায়তায় দাফন কার্যক্রম সম্পন্ন করেন। শুক্রবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমান। তিনি জানান, সিভিল সার্জন অফিসের রিপোর্টে মোঃ ইউসুফ মজুমদারের করোনা পজিটিভ ছিল। তিনি কুমিল্লা মেডিকেল হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন চৌদ্দগ্রাম পিডিবি অফিসের কর্মকর্তা মোঃ ইউসুফ মজুমদার। কয়েকদিন আগে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে নমুনা সংগ্রহের পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিকে বিদ্যুৎ কর্মকর্তা ইউসুফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।









