ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ’র সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফয়েজ আহাম্মদ বিএ’র ৩য় মৃত্যু বার্ষিকী আজ (শনিবার, ৮ ফেব্রয়ারী)। ২০১৭ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ছাগলনাইয়া উপজেলার আওয়ামী পন্থীরা হারিয়েছিলো একজন সুদক্ষ নেতা ও একজন রাজনৈতিক অভিভাবক। প্রবীণ এ রাজনৈতিকবিদ ফয়েজ আহাম্মদ বিএ মিষ্টভাষি না হলেও তার অন্তর ছিলো খুবই ভালো। জনকল্যাণে নিজেকে সবসময় ব্যস্ত রাখতেন তিনি। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়ার বিপক্ষে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি। এ নির্বাচনে তিনি জয়লাভ করতে না পারলেও ততকালীন বিএনপির ভোট ব্যাংক খ্যাত আসনে (ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম) খালেদা জিয়ার সাথে লড়াই করে সম্মানজনক ভোট পেয়েছিলেন তিনি। এজন্য আওয়ামীলীগ’র সভাপতি ও বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফয়েজ আহাম্মদ বিএ’কে সাধুবাদও দিয়েছিলেন।








