ট্রাক চাপায় প্রাণ হারালেন বাইক চালক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের এক কর্মকর্তা। অপর বাইক আরোহী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা মংলা মহাসড়কের আরজ আলী গ্যাস ফিলিং স্টেশনের কাছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা নিহত নাজমুল হাসান (২৭) জামালপুরের ইসলামপুর থানার কুঠাইল গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ইনস্টিটিউ অব মেরিন টেকনোলজির সেফটি অফিসার। আহত অপর আরোহী মোঃ কামালকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে অফিস থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে রামপালের ভাগা বাজারে যাচ্ছিলেন নাজমুল হাসান। পথে মোংলা-খুলনা মহাসড়কের টেংরামারীর আরজ আলী গ্যাস ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ডাম্পট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়।সংবাদ পেয়ে রামপাল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পরিদর্শক সৈয়দ বাবুল আকতার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নাজমুল হাসেন নামের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের এক কর্মকর্তা নিহত হয়েছে। গুরুতর আহত অপরজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। ঘাতক মিনি ড্রাম ট্রাক ও মোটরসাইকেল হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালক পলাতক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Please follow and like us:









