কুমিল্লার নাঙ্গলকোটে ইসরাত জাহান বর্ষা (১১) নামে মাদ্রাসা পড়ুয়া এক কন্যা শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের অশ্বদিয়া গ্রামে নিজ ঘরের সিলিংয়ের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশ। নিহত কন্যা শিশুটি ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অশ্বদিয়া গ্রামের আনোয়ার হোসেন ও তার স্ত্রী পাশ্ববর্তী গ্রামের জমিন থেকে ধান আনতে যায়। ধান নিয়ে বাড়ী ফিরে তাদের শিশু কন্যা ইসরাত জাহান বর্ষাকে ঘরের সিলিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। শিশুটির পা খাটের মধ্যে লাগানো দেখে মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
নাঙ্গলকোট থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, শিশু কন্যাটিকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করি। সুরতহাল রিপোর্ট করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।









