নারকেল সংগ্রহ করতে গাছে উঠে গাছের মাথায় মৃত্যুবরণ করেছেন নিজার লস্কর (৫২) নামের এক ব্যক্তি। মৃত ব্যক্তি বাগেরহাটের মোল্লাহাটের চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের মৃত লায়েক লস্করের ছেলে। প্রায় ৬০ ফুট উঁচু ওই নারকেল গাছটির মাথায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে নারকেল সংগ্রহ করার জন্য নিজার লস্কর বাড়ির পাশে থাকা ৬০ ফুট উঁচু ওই নারকেল গাছে ওঠে। কয়েকটি নারকেলও সে ছিড়ে নিচে ফেলে। সাথে থাকা তার ছোট ভাই নারকেলগুলি বাড়িতে নিয়ে আসেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তার ভাই বাড়িতে না আসায় সে খুঁজতে থাকে। অবশেষে ওই নারকেল গাছের দিকে তাকিয়ে দেখেন তার ভাই গাছের ডগার উপর পড়ে আছে। তার চিৎকারে পার্শ্ববর্তী এক ব্যক্তি গাছে উঠে দেখে নিজার লস্কর নিস্তব্ধ নিথর অবস্থায় পড়ে আছে। সে নিস্তব্ধ নিথর নিজের লস্করকে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রেখে নিচে নেমে আসে। পরে খবর দিলে বাগেরহাট ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে তাঁর মৃতদেহ নিচে নামান।
বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান সিরাজ জানান, মোবাইলে বিষয়টি আমাদের জানানোর পর তাৎক্ষণিক দুইটি ইউনিট সেখানে পৌঁছে যায়। অনেকক্ষণ চেষ্টার পর তাকে নিচে নামিয়ে এনে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নিজারকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে গাছে উঠার পর হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে ওখানেই মৃত্যুবরণ করেন।
Please follow and like us:









