নওগাঁর বদলগাছীতে মা মেয়ের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। জানাযায়, উপজেলার আধাইপুর ইউপি’র দেউলিয়া গ্রামের লবীন উদ্দীনের স্ত্রী হাছনা বানু (৬২) ও মেয়ে লতা পারভীন (৩৮) এর রহস্যজনক মৃত্যু ঘটেছে। সরেজমিনে তাদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাযায়, একই গ্রামের মোঃ ইসমাইল হোসেন চৌধুরীর ছেলে সুলতান আহমেদ চৌধুরীর সাথে একই গ্রামের লতা পারভীনের সংগে প্রায় ২০-২২ বছর পূর্বে বিয়ে হয়। পারিবারিক জমি-জমার বিষয় নিয়ে মা-মেয়ের মধ্যে ৭জুন সোমবার সন্ধ্যা রাতে ঝগড়া বিবাদ হয়। এর এক পর্যায়ে প্রায় রাত সাড়ে ৮টায় লতা পারভীন মায়ের উপর অভিমান করে ১০/১২ টি লেপটিক (ক্লোনাজিপাম) ট্যাবলেট খেয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে বদলগাছী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রেফার্ড করলে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মৃত্যু হয়। অপর দিকে মেয়ের মৃত্যুর খবর পেয়ে মা হাছনা বানু রাত আড়াইটার দিকে টিনের ঘরের বাঁশের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। একই সাথে মা-মেয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে মহাদেবপুর-বদলগাছী সার্কেল এসপি টিএম মাইনুল ইসলাম ও বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে উভয়ের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।
মহাদেবপুর-বদলগাছী সার্কেল এসপি টিএম মাইনুল ইসলাম বলেন, রহস্যজনক দুজনের মৃত্যুর কারণে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য উদঘাটন হবে।









