খোকন হাওলাদার, বরিশালঃ
সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে বরিশালে আজ সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মত ৪৮ ঘন্টার ধর্মঘট পালন করছে বাস চালক ও শ্রমিকরা।
সকাল থেকে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ ও রুপাতলী বাস টার্মিণাল থেকে অভ্যন্তরীন এবং দূরপাল্লর রুটের কোন বাস ছেড়ে যায়নি।
তাই আজও চরম দূর্ভোগে পড়ে যাত্রীরা। বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবি মানুষ বেশি ভোগান্তিতে পড়েন।
এছাড়া বরিশাল নগরীতে থ্রি হুইলার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় এই ভোগান্তি আরো কয়েকগুন বৃদ্ধি পেয়েছে।
শ্রমিকদের ৫লাখ টাকা জরিমানা করে যে আইন করা হয়েছে তা সংশোধন করার আহ্বান জানানো হয়।
তবে রিকশা চলাচল করলেও ইচ্ছেমতো ভাড়া আদায় করার কারণে আরো ভোগান্তি বেড়েছে। আজও অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
বরিশাল জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলছেন- গত ১৯ সেপ্টেম্বর সংসদে পাশ হওয়া সড়ক পরিবহন আইনে সড়ক দুর্ঘটনায় অপরাধী হলে মৃত্যুদন্ড পর্যন্ত রাখা হয়েছে। এই আইন শ্রমিকদের রক্ষা বা স্বার্থের পরিপন্থী। ফাঁসির ঝুঁকি নিয়ে কোনো শ্রমিকই গাড়ি চালাতে পারবে না। এ কারণে এই আইন বাতিল না হলে পরবর্তীতে আরও কর্মসূচি দেয়া হবে।’









