মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ গ্রহণ না করলেও নির্বাচন হবে এবং গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় থাকবে।
আজ ২০ মে ২০১৮ রোজ রবিবার দুপুরে মহানগর নাট্যমঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী’র সভাপতিত্বে, সভা পরিচালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ। এ সময় কেন্দ্রীয় যুবলীগ’সহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিমর্মভাবে নিহত হওয়ার পর দীর্ঘদিন নির্বাসিত জীবন-যাপন শেষে ১৯৮১ সালের ১৭ মে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনের ট্রেন কারো জন্য থেমে থাকবে না। সংবিধান অনুযায়ী যথা সময়ে আগামী নির্বাচন হবে। তিনি আরও বলেন, বিএনপি স্বাধীন নির্বাচন কমিশন চায় না। তারা না জিতলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে অভিযোগ করবে, এটাই স্বাভাবিক।
সেতুমন্ত্রী মন্ত্রী আরো বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতার ফাঁদ তারাই তৈরি করেছে। আশার বিষয় হচ্ছে এবার আর সেই ফাঁদে কেউ পড়ছে না। বিএনপি একটি বড় দল অংশ নিলে পূর্ণাঙ্গতা পাবে। এবার নির্বাচনে অংশগ্রহণকারী দলের সংখ্যা কম হবে না।









