বিরলে বাকবিতন্ডার জেরে মারপিটে নিহত হয়েছে একজন। একই ঘটনায় নিহতের ছেলে গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের ধূলাতৈড় (ডাঙ্গাপাড়া) গ্রামে মঙ্গলবার সন্ধ্যা ০৭ টায় মারপিটের ঘটনায় নিহত হয়। জানা গেছে একই গ্রামের খলিল উদ্দীনের ছেলে মোঃ বাবু (৪৫)। প্রতিবেশি মমতাজ আলী এর স্ত্রী সখিনা দোকানের সামনে মসজিদের দান বাক্সে বসে গেম খেলাকালীন বাবুর ছেলে রিফাত হোসেন (১৫) কে নিষেধ করে। এক পাগল গেলো আরেক ভাই আসলো বলে বাকবিতন্ডার একপর্যায়ে বাবুর স্ত্রী শারমীন এলে উভয়পক্ষ হাত তোলার উপক্রম হলে উপস্থিত এলাকাবাসী থামিয়ে দেয়। উভয়পক্ষ নিজ নিজ বাড়ী ফিরে যাওয়ার পর মমতাজ আলী ও তার দুই ছেলে শাহিনুর রহমান ও শাখাওয়াত হোসেন এবং পরিবারের লোকজনসহ একই এলাকার সাবেক গ্রাম পুলিশ আইনুল, আফজাল, ইউসুফ, মজিবরসহ বেশ কয়েকজন বাবুর বাড়ীতে গিয়ে কুড়াল দিয়ে বুকে কোপ মারে। এসময় বাবুর স্ত্রী ও ছেলে এগিয়ে এলে তাদেরকেও এলোপাথাড়ি মারপিটে রক্তাক্ত জখম করা হয়। প্রতিবেশিরা এগিয়ে এলে গুরুতর আহত অবস্থায় বাবু ও তার ছেলে রিফাতকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করে। রিফাত এর অবস্থা আশংকাজনক হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় রাতেই থানা পুলিশ প্রতিবেশি আইনুলের স্ত্রী মঞ্জুয়ারা (৩৪) কে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান দুপক্ষের দ্বন্দ্বে গুরুতর আহত হয়ে একজন নিহতের এবং একজনকে আটকের বিষয় নিশ্চিত করে বলেন মূল ঘটনার সাথে জড়িতদের শীঘ্রই আটক করা হবে।
বুধবার বিকালে এ রিপোর্ট লেখাকালীন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হলে সন্ধ্যা ০৬ টায় জানাযা শেষে স্থানীয় তালপুকুরিয়া কবরস্থানে দাফনের জন্য সময় নির্ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেন ইউপি সদস্য ইয়াকুব আলী।
Please follow and like us:








