অনলাইন ডেস্কঃ- ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছেন কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
ইতিমধ্যে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগ রাখছেন।
এ আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দেয়ায় দুই উপজেলার বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে রাজপথে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে চলছেন তিনি।
তাছাড়া গণমাধ্যমে সক্রিয় ব্যারিস্টার রুমিন ফারহানা। ফলে কম দিনেই বিএনপির রাজনীতিতে আলোচনার কেন্দ্রে আসেন তিনি।
ব্যারিস্টার রুমিন ফারহানা ভাষাসৈনিক অলি আহাদের মেয়ে। বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জানান, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আশা করি দলের প্রতি আমার ত্যাগ ও ভূমিকা বিবেচনা করে মনোনয়ন দেয়া হবে। এ সময় তিনি আরও জানান, মনোনয়ন পেলে আসনটি উদ্ধার করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দেব।









