মেহেদী হাসান শুভ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় গত বৃহস্পতিবার(১ নভেম্বর) রাতে সরকারী গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক-মহাসড়কে প্রতিবন্ধকতা ও নাশকতার করার চেষ্ঠার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে মুরাদনগর থানা পুলিশ। এ মামলায় উপজেলার মোচাগড়া এলাকা থেকে বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম।
আটককৃতরা হলেন, কাজল মিয়া(৫০), নূর নবী(৪০), জসিম উদ্দিন ওরফে সবুজ (৫২), আমির হোসেন (৪১) ও মহিবুল্লা (৪০)।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা মোচাগড়া এলাকায় নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের বিত্তিতে মুরাদনগর থানার পুলিশ এএসআই রোকনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, পুলিশ বাদী হয়ে নাশকতার অভিযোগে একটি মামলা করেছে। আটককৃতদের শুক্রবার বিকেলে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।









