পুলিশের কঠোর অবস্থানে সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে প্রায় যানবাহনশূন্য সড়ক ছিল গাজীপুরের শ্রীপুর। এছাড়াও স্বল্পসংখ্যক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট খুলতে দেখা গেছে এই উপজেলায়।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) শ্রীপুর মডল থানার ইন্সপেক্টর অপারেশন গোলাম সারোয়ার দিনভর মাঠে অবস্থান করে লকডাউন নিশ্চিতে পুলিশি তৎপরতা তদারকি করেন। এ সময় ট্রাফিক পুলিশ উপজেলার বিভিন্ন পয়েন্টে যানবাহনকে মামলা, জরিমানা ও আটক করে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল থেকে শ্রীপুরের গুরুত্বপূর্ণ মোড়ে লকডাইন চেকপোস্ট বসায় পুলিশ। বিভিন্ন ব্যক্তি এবং গাড়ি তল্লাশি করে জরুরি সেবার সঙ্গে সম্পৃক্তদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেয়া হয়েছে। এছাড়া সচেতনার জন্য পুলিশের পক্ষ থেকে প্রচারণাও চালানো হয়েছে বলে জানান তারা।
এ বিষয়ে গোলাম সারোয়ার বলেন, ‘দেশকে করোনামুক্ত করতে লকডাউন মেনে চলার কোন বিকল্প নেই। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সরকারের দেয়া নির্দেশনা মেনে চলতে হবে। কেউ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’









