গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব খন্ড গ্রামে আগুনে ৪১টি বসতঘর এবং ঘরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত ১১.৪৫ মিনিটে স্থানীয় ওসমান গণির বাড়িতে এ ঘটনা ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক ওসমান গণি জানান, তিনি একটি ব্যাংক থেকে প্রায় আশি লাখ টাকা লোন নিয়ে ৪১টি আধাপাকা ঘর নির্মাণ করে স্থানীয় কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছেন। ঘরের ভাড়াটিয়ারা লকডাউনে ও ঈদে গ্রামের বাড়িতে চলে যাওয়ায় অধিকাংশ ঘরই ফাঁকা ছিল। শনিবার রাতে ঘরে হঠাৎ আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করি। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। পরে আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। আগুনে সবকটি ঘর ও ঘরে থাকা সকল আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়, এতে আমার প্রায় কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, শনিবার দিবাগত রাত ১২.০২ মিনিটের দিকে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজের নির্দেশে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীপুর পৌর আ’লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম মোল্লা, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দীপু।









