গাজীপুরের শ্রীপুরে উপজেলায় মাওনা ফুলবাড়িয়া সড়কের পাশে আবর্জনার স্তুপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সড়কটি যেন আবর্জনা ফেলার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে পথচারীসহ এলাকার মানুষ। রোববার দুপুর ১২টার দিকে ময়লা ও বর্জ্য অপসারণের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা নদী পরিব্রাজক দলের সদস্য ও এলাকাবাসী।
এ সময় বক্তারা বলেন-সড়কের পাশে গড়ে উঠা ময়লার ভাগাড়ের কারণে পথচারীদের নাকে রুমাল দিয়ে চলাচল করতে হয়। এ সময় পথচারীদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে উৎকট গন্ধে। এতে ঝুঁকির মধ্যে পড়ছে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য। এছাড়া সড়কের পাশে আগুন লাগিয়ে আবর্জনা পুড়িয়ে ফেলায় মরার উপক্রম হয়েছে সড়কের পাশের গাছগুলোর।
বক্তারা আরোও বলেন এসব ময়লা-আবর্জনার অধিকাংশই পচনশীল পদার্থ। কাঁচা বাজারের শাকসবজি, হোটেলের বাসি-পঁচা খাবার এবং বাসাবাড়ির ময়লার প্রায় ৮০ শতাংশ পচনশীল। ফলে এগুলো ফেলার অল্প সময়ের মধ্যেই পচে গিয়ে দুর্গন্ধের সৃষ্টি হয়। অন্যদিকে পলিথিন নিষিদ্ধ হলেও ময়লার ভাগাড় পলিথিনে সয়লাব। পচনশীল পদার্থ নষ্ট হয়ে গেলেও পলিথিনগুলো থেকে যাচ্ছে অক্ষত। এসব পলিথিন বৃষ্টির পানিতে ভেসে আশপাশের ফসলি জমিতে পড়ে জমির উর্বরা শক্তি নষ্ট করছে।
শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দলের সভাপতি সাঈদ চৌধুরীর সভাপতিত্বে নদী পরিব্রাজক দলের শ্রীপুর শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলমের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, পিয়ার আলী কলেজের বাংলা বিভাগের প্রধান আহমাদুল কবীর খোকন, বানিয়ার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সমাজকর্মী ফিরোজ মিয়া, পিয়ার আলী কলেজের সহকারী অধ্যাপক সাজেদুল ইসলাম সুরুজ, বারতোপা একেএম উচ্চ বিধ্যালয়ের সিনিয়র শিক্ষক ও লেখক জয়নাল আবেদীন স্বপন, সিঙ্গারদিঘী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও নদী পরিব্রাজক দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,চাইল্ড কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও নদী পরিব্রাজক দলের উপদেষ্টা ফজর আলী, নদী পরিব্রাজক দলের শ্রীপুর শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাফি কামাল, ক্ষুদে লেখক নিতু চৌধুরী, নদী পরিব্রাজক দলের সদস্য কণা ও এলাকাবাসীসহ ।









