নাটোরের নলডাঙ্গা পৌরসভায় সরকারি চাউল বিতরণে তালিকা তৈরীতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
সম্প্রতি মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সরকার অসহায় হতদরিদ্র গরীব মানুষের জন্য গতকাল বৃহস্পতিবার চাউল বিতরণ করে। নলডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড নলডাঙ্গা গ্রামের অনেক ব্যক্তি অভিযোগ করে এই প্রতিবেদককে জানান, এই ওয়ার্ডে জাতীয় পার্টি থেকে আওয়ামীলীগে আসা বতর্মান ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বাবলু ও জামায়াত থেকে আওয়ামীলীগে যোগ দিয়ে বতর্মান ওয়ার্ড আওয়ামীলীগ সেক্রেটারি ইয়াদুল ইসলাম প্রভাব খাটিয়ে দুর্নীতির মাধ্যমে চাউল বিতরণের তালিকা তৈরী করে তাদের আত্মীয় স্বজন ও অনুসারীদের নাম দিয়ে চাউল বিতরণ কাজ সম্পূর্ণ করে।
এদিকে ঐ ওয়ার্ডের বাসিন্দা গৃহ হীন চা দোকানদার শকাত পাগলা, নলডাঙ্গা বাজারের নৈশ প্রহরী ফজলু শেখ, দিন মজুর মহাতাব, কামাল সহ অনেক গরীব মানুষ আক্ষেপ করে বলেন নেতাদের সাথে আমাদের ভাল সম্পর্ক না থাকায় যারা আমাদের চেয়েও অর্থ বিত্ত শালী তারা চাউল পায়, কিন্তু আমরা গরীব হলেও আমাদের নাম থাকে না আমরা চাউলও পাই না।
এ বিষয়ে নলডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মহাসিন আলী জানান, আমার ওয়ার্ডের তালিকা বাবলু ও ইয়াদুল তৈরী করে মাষ্টার রোলে আমার স্বাক্ষর চাইলে আমি অন্যান্য নাম দিতে চাইলে তারা আমাকে আরো বরাদ্দ এলে তখন নাম দেওয়া হবে বলে আমার স্বাক্ষর নেয়। আমি ঝামেলা মুক্ত থাকতে চেয়ে ভয়ে মাষ্টার রোলে স্বাক্ষর করি।এই সংকট ময় মূহুর্তেও দুর্নীতি স্বজনপ্রীতির ঘটনা সাধারণ মানুষের মাঝে উদ্বেগের সৃষ্টি করেছে। নলডাঙ্গার সচেতন মহল প্রত্যাশা করছেন উদ্ধর্তন কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।









