দিনাজপুরের ফুলবাড়ীতে রসুলপুর সীমান্তের কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে ৩২৩বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ও ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক চোরাকারবারীকে আটক করেছে ফুলবাড়ী ২৯বিজিবি।
রোববার (৩জুলাই) বিকেলে কাজিহাল ইউনিয়নের রসুলপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
থানাসূত্রে জানা যায়,আটক মাদক চোরাকারবারীরা হলেন, উপজেলার কাজিহাল ইউনিয়নের মোঃ কোবাদ চৌধুরীর ছেলে মোঃ মাজেদ চৌধুরী(২৩),একই এলাকার মোঃ আতাউর চৌধুরীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম(৩০) ও মৃত সহিদ উদ্দিনের ছেলে পুনু মিয়া ওরফে মতিয়ার(৩২)। আটককৃতদের নামে বিজিবি’র হাবিলদার মঈন উদ্দিন বাদী হয়ে ফুলবাড়ী থানায় মাদক চোরাচালান আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২,তারিখ ০৩/০৭/২০২২ ইং।
রসুলপুর বিওপি’র হাবিলদার জানান,গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ও গাঁজাসহ তাদের আটক করা হয় এবং ওইদিন রাত সাড়ে ৯টায় ফুলবাড়ী থানায় মাদকসহ আসামীদের হস্তান্তর করা হয়।
ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির জানান,গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে রসুলপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩২৩ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ও ১৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের ফুলবাড়ী থানায় সোপর্দ্দ করে মাদক চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।









