তাড়াশ উপজেলায় সহকারী কমিশনার ভুমি মোঃ খালিদ হাসান যোগদানের পর থেকে তাড়াশ সদর সহ প্রতিটি ইউনিয়নে ভুমি সেবার প্রতিটি দপ্তরে কাজের গতি ব্যাপক বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি উপজেলার হাটবাজারে চলছে নিয়মিত মনিটরিং। এছাড়াও জনস্বার্থে অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানের কারণে উপজেলার সাধারণ মানুষের কাছে অল্প সময়ের মধ্যে জনবান্ধব কর্মকর্তা হিসেবে স্থান করে নিয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় তাড়াশ উপজেলার কাটাগাড়ী বাজার চৌরাস্তা মোড়ে অবস্থিত মিশামো হ্যাচারীতে। সেখানে মোবাইল কোর্ট পরিচালনা কালীন উদঘাটন করা হয় মিশামো হ্যাচারী ভাঙ্গা এবং নষ্ট বাতিল ডিম। এই ডিম তারা অসাধু কিছু ব্যাবসায়ীদের নিকট পিস হিসেবে ৩-৪ টাকা মূল্যে বিক্রি করে। এই ডিম সাধারণ জনগণ তাদের অজান্তে বিভিন্ন হোটেলে ২০-২৫ টাকায় কিনে খাচ্ছে যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। অর্থাৎ সাধারণ জনগন স্বাস্থ্য ঝুকির পাশাপাশি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসময় মিশামো হ্যাচারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ৫০.০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত না হওয়ায় বিষয়ে সাবধান করা হয়। অভিযানের বিষয়ে মোঃ খালিদ হাসান সহকারী কমিশনার ভুমি মুঠো ফোনে জানান, সবচেয়ে বেশি জরুরি সাধারণ মানুষের সচেতন হওয়া। পাশাপাশি এই উপজেলায় আমার দপ্তরের আওতায় জনস্বার্থে সরকারি নিয়মনীতি বহির্ভূত ও অন্যায় অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি সদাসর্বদা কাজ করে যাবো।
Please follow and like us:









