খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবাহী একটি ট্রাক খাদে পড়ে মোঃ আজহারুল মোল্লা (১৮) নামে এক ট্রাক চালক মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা গ্রামের নিঝুমপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক খুলনার ডুমুরিয়া উপজেলার বাদুরগাছা গ্রামের আলমগীর হোসেন মোল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডুমুরিয়া এলাকা থেকে ইটবাহী একটি (যশোর-অ-১১-৭০০৯) খুলনা অভিমুখে যাচ্ছিলেন। দ্রুতগতি সম্পন্ন ট্রাকটি সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা গ্রামের নিঝুমপুর নামক স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে তালগাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাক চালক মারা যায়। এসময় ট্রাকে থাকা অন্য ৩জন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়দের সহযোগিতায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সংবাদে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের টিম, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ উপস্থিত হয়। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা ও হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফজলুল করিম জানায়, সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে এবং লাশ পরিবারের জিন্মায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Please follow and like us:









