সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলছাত্র তামীম হোসেন (৭) হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া অপর এক আসামিকে দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রফিক সরকার।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়া গ্রামের মো. ইউসুফ আকন্দর ছেলে, মো. হাফিজুল ইসলাম,
আ. মান্নান আকন্দর ছেলে, মো. ফিরোজ আকন্দ এবং চকপাঙ্গাসী গ্রামের আ. আব্দুস সাত্তার আকন্দর ছেলে মো. জহুরুল ইসলাম। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামি মান্নান আকন্দকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে জানা যায়, তামীম হোসেন উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়া গ্রামে নানাবাড়িতে থেকে পড়াশোনা করত। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি সে নিখোঁজ হয়। পরদিন সকালে বাবুল আকতারের সরিষার ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলায় রশি প্যাঁচানো এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তদন্তে পুলিশ চারজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে হত্যার কথা উঠে আসে। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় দেন।









