সামাজিক দায়বদ্ধতা ও মানবকল্যাণে অবদানের অংশ হিসেবে সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে ১০ লাখ টাকার চেক প্রদান করেছেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত হাজী মো. আব্দুস সাত্তার।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারি যাকাত ফান্ডের অনুকূলে ১০ লাখ টাকার চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। চেকটি গ্রহণ করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান এবং ইসলামিক ফাউন্ডেশন, সিরাজগঞ্জের উপ-পরিচালক মো. ফারুক আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসময় বক্তারা বলেন, সরকারি যাকাত ফান্ডের মাধ্যমে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়। সমাজের বিত্তবান ব্যক্তিদের এমন মানবিক উদ্যোগ যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে এবং সমাজে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুদান প্রদান শেষে হাজী মো. আব্দুস সাত্তার বলেন, যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিধান। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। সরকারি যাকাত ফান্ডে এই অনুদান প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাবে এটাই আমার প্রত্যাশা। ভবিষ্যতেও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
চেক গ্রহণ করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় বলেন, সরকারি যাকাত ফান্ডে এ ধরনের উদার অনুদান নিঃসন্দেহে প্রশংসনীয়। এই অর্থ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হবে। আমরা সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সরকারি যাকাত ফান্ডে এগিয়ে আসার আহ্বান জানাই।
উল্লেখ্য, আব্দুস সাত্তার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, চিকিৎসা, ধর্মীয় প্রতিষ্ঠান, অসহায় মানুষের সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সামাজিক দায়িত্ব পালনে প্রতিষ্ঠানটির এসব উদ্যোগ ইতোমধ্যে জেলার বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।









