মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- তালা উপজেলার কৃতি সন্তান নন্দিতা ঘোষ বৃষ্টি নজরুল সঙ্গীতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে । সে তালা সদরের শিল্পী দম্পতি গোবিন্দ ঘোষ ও সুনন্দা ভদ্র’র কন্যা ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের ছাত্রী । সোমবার ২৫ জুন বিকালে ঢাকার সেগুন বাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭-১৮ উপলক্ষ্যে নজরুল সঙ্গীতে ‘গ’ গ্রুপে তাকে দেশ সেরা শিল্পীর পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী মো. নূরুল ইসলাম নাহিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগারি ও মাদ্রাসা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর এবং মাউশির মহাপরিচালক প্রফেসর মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের মাঝে প্রদান করা হয়। এর আগে নন্দিতা ঘোষ বৃষ্টি সাতক্ষীরা জেলা ও খুলনা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ নজরুল সংঙ্গীত শিল্পী নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে।
তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও গণসাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এনামুল ইসলাম বলেন, নন্দিতা ঘোষ বৃষ্টি একাধিকবার সঙ্গীতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বর পুরস্কার পেয়েছে। তিনি এ সাফল্যর জন্য তার বাবা-মা, কলেজের শিক্ষক-শিক্ষিকা ছাড়াও গণসাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গীত শিক্ষক শ্যামল সরকারের অবদানের কথা উল্লেখ করেন।









