আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মৃত মির্জা মাহাতাব উদ্দীনের পুত্র মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মির্জা নুরল আমিন (টুংকু)(৭০) থাইল্যান্ডের ব্যাংককে ৩জুলাই মংগলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিবার সুত্রে জানাগেছে, গত ৮ রমজানে আটোয়ারীর মির্জাপুর গ্রামের বাড়ি হতে ঢাকা রুপনগর এলাকায় তার নিজস্ব বাসায় গিয়েছিলেন। সম্প্রতি সেখানে বাথরুমে প্রবেশ করে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হন। ঢাকায় চিকিৎসা করে সুফল না পাওয়ায় অবশেষে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নিয়ে যাওয়া হয়। থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জুলাই মংগলবার রাত প্রায় ১১টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুত্র জানায়, থাইল্যান্ড থেকে মরহুমের লাশ বাংলাদেশে এনে ৫ জুলাই সকাল ৭ টায় ঢাকার স্কাটন চত্বরে প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে মরহুমের লাশ গ্রামের বাড়ি আটোয়ারীর মির্জাপুরে পৌছার সাথে সাথে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল নেমে আসে। পরে বিকাল সাড়ে ৫টায় মির্জাপুরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,২পুত্র, ৩কন্যা, আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধবসহ বহু গণগ্রাহী রেখে যান। জানাযা অনুষ্ঠানে মরহুম মির্জা নুরল আমিন(টুংকু)’র আত্মার মাগফেরাত সহ স্মৃতিচারনমুলক বক্তব্য রাখেন, পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, ঠাকুরগাওয়ের মেয়র মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ তৈমুর রহমান,ডাঃ মির্জা হামিদুল ইসলাম,আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ধামোর ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রব, আটোয়ারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ।









